পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার শুরু থেকেই হাইভোল্টেজ ‘নন্দীগ্রাম’ আসনে টানটান উত্তেজনা বিরাজ করছে। এই আসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। গণনার প্রথম দিকে মমতা পিছিয়ে পড়লেও, সর্বশেষ রাউন্ডে তিনি এগিয়ে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই ও আনন্দবাজারের সূত্রমতে, তৃতীয় রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৫৯ এবং শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ৮ হাজার ৪৬১। অর্থাৎ, প্রায় ৯০০-র কাছাকাছি (৮৯৮ ভোট) ভোটে এগিয়ে রয়েছেন মমতা। হেভিওয়েট এই দুই প্রার্থীর লড়াই ঘিরে রাজনৈতিক মহলে এখন চরম উত্তেজনা ও বাড়তি আগ্রহ কাজ করছে।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল শেষ দুই দফায় ভোটগ্রহণের পর আজ ২৯৩টি আসনের ফলাফল নির্ধারিত হচ্ছে (অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট আগেই বাতিল করেছিল নির্বাচন কমিশন)।
প্রাথমিক গণনার প্রবণতা অনুযায়ী, রাজ্যজুড়ে প্রথমদিকে বিজেপি এগিয়ে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি ১৬৮টি আসনে এবং ক্ষমতাসীন দল তৃণমূল ১১৪টি আসনে এগিয়ে আছে।

