৪ মে ২০২৬, সোমবার

ফ্লোরিডায় নি/হত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের ম/রদেহ দেশে পৌঁছেছে

Moshfiqur Rahman
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে লিমনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকার তৎপর রয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশেই এখানে আসা।

পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে এবং হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।’

জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর জামালপুরে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে এই মেধাবী শিক্ষার্থীকে দাফন করা হবে। এর আগে, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ পাঠানো হয় বলে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল।

নিখোঁজ ছিলেন দুজনই, উদ্ধার হলো দুজনেরই মরদেহ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে নিখোঁজ হওয়া অপর পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃষ্টির মরদেহও দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ নিউজ