‘প্রজেক্ট ফ্রিডম’ চলাকালে মার্কিন জাহাজে কোনো ধরনের হামলা চালালে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’ বলে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন। ট্রাম্প জানান, শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে “অনেক বেশি নমনীয়” আচরণ করছে। একইসঙ্গে তিনি দাবি করেন, সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র যোজন যোজন এগিয়ে রয়েছে।
ফক্স নিউজে দেওয়া এই সাক্ষাৎকারের আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত করার সামরিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাহিনী এরই মধ্যে ইরানের সাতটি ‘ছোট নৌযান’-এ হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা সফলভাবে বেশ কয়েকটি ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সোমবার আনুষ্ঠানিকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এই বিশেষ উদ্যোগ নিয়েছে। মূলত যেসব দেশের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালিতে “আটকে পড়েছিল”, তাদের মুক্ত করতে এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হটকারী পদক্ষেপ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপরিবহন ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

