রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে রাতের বেলায় ঢাকা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মে মাসের শেষের দিকে কিংবা আসন্ন পবিত্র ঈদুল আজহার পর থেকে রাতে আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় চলবে মেট্রোরেল। এ বিষয়ে বর্তমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
একইসঙ্গে যাত্রীদের অপেক্ষার প্রহর কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, পিক আওয়ারে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমিয়ে সাড়ে ৪ মিনিট করার পরিকল্পনা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, নতুন পরিকল্পনা অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী দিনের সর্বশেষ ট্রেনটি রাত ১১টা পর্যন্ত চলবে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছাড়ে। তবে সকালে ট্রেন চলাচলের সূচিতে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।
বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপে যাতায়াত করছে মেট্রোরেল। রাতে চলাচলের সময় বাড়ানো হলে ট্রিপের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বর্তমানে পিক আওয়ারে ১২ সেট ট্রেন সার্বক্ষণিক চলাচল করলেও সময় ও ট্রিপ বাড়লে ১৪ সেট ট্রেন ব্যবহার করা হবে।
রাতে দুই দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে কারিগরি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম। তিনি বলেন, “কবে থেকে সময় বাড়বে এবং ঠিক কতটুকু সময় বাড়ানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।”
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়ার মাধ্যমে ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর ২০২৩ সালের শেষ দিন থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়।

