৬ মে ২০২৬, বুধবার

ডিএমপির রমনা থেকে চট্টগ্রামে: এসপি পদে নতুন দায়িত্বে ডিসি মাসুদ আলম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য মো. মাসুদ আলম পুলিশ বাহিনীতে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। তার পৈতৃক নিবাস বগুড়া জেলায়। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলার আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দায়িত্বে তাকে পদায়ন করায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

রমনা বিভাগে দায়িত্ব পালনকালে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি বিচক্ষণতার পরিচয় দেন। দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকে আলোচনায় নিয়ে আসে।

ডিএমপিতে যোগদানের আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যেখানে তিনি সন্ত্রাস ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন।

সর্বশেষ নিউজ