চীনের বেইজিংয়ে বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের সফরে বেইজিংয়ে থাকা পররাষ্ট্রমন্ত্রী খলিলের এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু স্থান পায়।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষই বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব এবং ‘এক চীন নীতি’র প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এর আগে সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ প্রতিনিধিদলের জন্য এক নৈশভোজের আয়োজন করেন।

