কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পর পর দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক মো. আসাদুজ্জামান।
তিনি জানান, ১৪ ও ৮ এপিবিএন পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে। ভোররাতে অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রথমে ৪ জনকে এবং পরে আরেকটি অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, তারা একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। বর্তমানে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে, ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, “সরাসরি কিলিং মিশনে জড়িত থাকার সন্দেহে ৭ জনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” তিনি আরও নিশ্চিত করেন যে, অভিযানের পর ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ও বুধবার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে প্রাণ হারান কেফায়েত উল্লাহ ওরফে হালিম এবং কামাল উদ্দিন ওরফে রোজ কামাল। এই জোড়া হত্যাকাণ্ডের পরই দোষীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

