সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা, ঘেরের পুকুরে ভাসছিল মরদেহ

এইদিন এইসময় ডেস্ক
spot_img
spot_img
সাতক্ষীরা সদর উপজেলায় জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) সকালে উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের পাশের একটি ঘেরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিন্নাহ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৬টার দিকে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরের একটি পুকুরে এক ব্যক্তির দুই পা ভাসতে দেখেন স্থানীয়রা।

এরপর তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ঘেরের পুকুরে ফেলে রেখে যায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন সুশান্ত ঘোষ এইদিন এইসময়-কে জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বশেষ নিউজ