দোহারে মর্মান্তিক অগ্নিকাণ্ড, সন্তানদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়লেন বাবা-মা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img
ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজেদের জীবন উৎসর্গ করে তিন সন্তানকে নিরাপদে বের করে আনলেও আগুনে পুড়ে মারা গেছেন এক দম্পতি। শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই গ্রামের বাসিন্দা আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ আবদুস সালাম ও নাসিমা দম্পতির টিন ও কাঠের তৈরি বাড়িতে আগুন লাগে। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এর মধ্যেই এই দম্পতি আপ্রাণ চেষ্টা চালিয়ে তাদের তিন সন্তানকে নিরাপদে জ্বলন্ত ঘর থেকে বের করে আনতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা নিজেরা আর বের হতে পারেননি। চোখের সামনেই ঘটনাস্থলে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সালাম ও তার স্ত্রী নাসিমা ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তবে এই অগ্নিকাণ্ডটি নিছক কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা রয়েছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ নিউজ