অভাবনীয় রেকর্ড গড়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’ নাটকের প্রচার

spot_img
spot_img

২০২৫ সালের ৫ নভেম্বর যে পথচলার শুরু হয়েছিল, ২০২৬ সালের ৮ মে অভাবনীয় এক রেকর্ডের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটল। দর্শকপ্রিয়তার তুঙ্গে থেকে শেষ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। চ্যানেল আই এবং ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’-তে সম্প্রচারিত এই নাটকটি বাংলা নাটকের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছে।

পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, অভিমান এবং বাস্তব জীবনের টানাপোড়েন নিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছিল এই নাটকের গল্প। গত ৮ মে সম্প্রচারিত ৫২তম পর্বের মাধ্যমে নাটকটির সফল সমাপ্তি টানা হয়। ৯২ মিনিটের দীর্ঘ এই শেষ পর্বটি প্রকাশের মাত্র ৮ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যেই ৮ মিলিয়ন (৮০ লাখ) ভিউ ছাড়িয়ে যায়, যা বাংলাদেশের ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে এক বিরল রেকর্ড।

সাফল্যের এই চূড়ায় দাঁড়িয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “এটি আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।”

গল্পের মূল কেন্দ্রবিন্দুতে ছিল চারটি চরিত্র—ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, তার ভাই সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরীন চরিত্রে কেয়া পায়েল এবং ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকমহল জয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

এছাড়াও ধারাবাহিকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া প্রমুখ।

নাটকটির গল্প ও অভিনয়ের পাশাপাশি এর টাইটেল গানটিও পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। মাহমুদ মানজুরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান।

সর্বশেষ নিউজ