কসবা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা, ‘আত্মরক্ষার’ দাবি বিএসএফের

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, আত্মরক্ষার স্বার্থেই ওই দুই বাংলাদেশিকে গুলি করা হয়েছে।

কী ঘটেছিল সীমান্তে? বিএসএফের ভাষ্যমতে, শুক্রবার রাতে ভারতের ত্রিপুরার সিপাহীজালার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ১০ থেকে ১৫ জন বাংলাদেশির একটি দল রাতের অন্ধকারে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে ভারতীয়দের কাছে চোরাচালানের মালামাল পাঠাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে তারা সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। বিএসএফের দাবি, এই পরিস্থিতিতে কথিত আত্মরক্ষার জন্যই তারা তাজা গুলি ছুড়তে বাধ্য হয়। সরাসরি ছোড়া গুলিতে দুজন বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতদের পরিচয় ও পরবর্তী পদক্ষেপ ভারতীয় বাহিনী জানিয়েছে, নিহত ওই দুই বাংলাদেশির নাম নবীন হোসেন (২০) এবং মোহাম্মদ মোরসালিন (৪০)।

গুলিবিদ্ধ হওয়ার পর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বিএসএফের দাবি, গোলাগুলির ঘটনার পর আহত অবস্থায় বাংলাদেশিদের আটক করা হলে তারা স্বীকার করেছিলেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

ইতোমধ্যে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে আনুষ্ঠানিকতা মেনে তাদের মরদেহ বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

(তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া)

সর্বশেষ নিউজ