সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ ও মন্ত্রণালয়ে আকস্মিক পরিবর্তন এনেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা। শনিবার (৯ মে) এই রদবদলের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে খোদ প্রেসিডেন্টের আপন ভাইও রয়েছেন।
আপন ভাইসহ গুরুত্বপূর্ণ পদে রদবদল সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার বরাতে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার ভাই মাহেরকে সিরিয়ান প্রেসিডেন্সির ‘সেক্রেটারি জেনারেল’ পদ থেকে সরিয়ে দিয়েছেন। তার এই শূন্য পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে হোমস প্রদেশের সাবেক গভর্নর আব্দুল রহমান বাদরেদ্দিন আল-আমআকে।
মন্ত্রণালয় ও প্রশাসনে পরিবর্তন প্রশাসনের পাশাপাশি একাধিক মন্ত্রণালয়েও পরিবর্তন আনা হয়েছে। তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফাকে সরিয়ে তার জায়গায় খালেদ ফাওয়াজ জারুরকে এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে বাসেল হাফেজ আল-সুইদেনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, হোমস, কুনিত্রা, লাতাকিয়া এবং দের ইজ্জুর প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সারা। তবে ঠিক কী কারণে হঠাৎ করে মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ এসব দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্পষ্ট করা হয়নি বলে জানিয়েছে এএফপি।
প্রেক্ষাপট উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে নেতৃত্বে আসেন আহমেদ আল সারা। পরবর্তীতে ২০২৫ সালের মার্চে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। শুরুর দিকে এই সরকারে তিনি নিজের আস্থাভাজন ও কাছের লোকদেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন।
(তথ্যসূত্র: এএফপি ও সানা)

