ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুই নাম যেন বহু আগে থেকেই এক বিশেষ আবেগের সুতোয় জড়িয়ে আছে। আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না।
নতুন গান নিয়ে আবারও হাজির হচ্ছেন বিশ্বখ্যাত এই পপতারকা। ২০১০ সালের সেই সাড়া জাগানো ‘ওয়াকা ওয়াকা’র পর এবার তিনি দর্শকদের উপহার দিচ্ছেন নতুন গান ‘ডাই ডাই’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গানটির এক মিনিটের একটি টিজার প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছেন শাকিরা নিজেই। এবারের গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়। প্রকাশিত টিজারে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা গেছে শাকিরাকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মে পুরো গানটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১০ সালের কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ গানের পর এটিই হতে যাচ্ছে শাকিরার দ্বিতীয় অফিশিয়াল বিশ্বকাপ থিম সং। ফুটবলের সঙ্গে শাকিরার এই প্রেম অবশ্য বেশ পুরোনো। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি ‘লা লা লা’ গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন। এমনকি ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও নিজের বিখ্যাত ‘হিপস ডোন্ট লাই’ গানে পারফর্ম করেছিলেন তিনি।
এবারের বিশ্বকাপ আসরে ৪৮টি দল নিয়ে মাঠের লড়াই চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। শাকিরার নিজের দেশ কলম্বিয়াও এবার শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে মাঠে নামছে। বিশ্বকাপের মূল দামামা বাজার আগেই শাকিরার এই নতুন সুরের জাদু ফুটবলপ্রেমীদের হৃদয়ে উন্মাদনা ছড়াতে শুরু করেছে।
মাঠের ফুটবলের পাশাপাশি শাকিরার এই নতুন গান গ্যালারিতে ঠিক কতটা ঝড় তোলে, এখন সেটিই দেখার অপেক্ষা। তবে ফুটবল আর শাকিরার এই মেলবন্ধন যে এবারও জমজমাট হতে চলেছে, তা নিয়ে ভক্তদের মনে কোনো সন্দেহ নেই।

