যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাঠানো জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমার এটা পছন্দ হয়নি— এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
জানা গেছে, গত সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন সমঝোতা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ৩০ দিনের আলোচনার প্রস্তাব ছিল।
এর জবাবে রোববার পাকিস্তানের মাধ্যমেই লিখিত প্রতিক্রিয়া পাঠায় তেহরান। পরে সেটি যুক্তরাষ্ট্রের কাছেও পৌঁছে দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে মূল গুরুত্ব ছিল ইরানের পরমাণু প্রকল্প ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে। তবে ইরান তাদের জবাবে সেই বিষয়টি এড়িয়ে গিয়ে যুদ্ধ বন্ধ, বিশেষ করে লেবানন ফ্রন্টের পরিস্থিতি, অবরুদ্ধ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একইসঙ্গে হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকারও তুলে ধরেছে দেশটি।
বিশ্লেষকদের মতে, দুই দেশের অবস্থানে এখনো বড় ধরনের দূরত্ব থাকায় দ্রুত সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে।

