হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের রয়্যাল নেভির যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েন করছে ব্রিটেন। সাইপ্রাসের কাছে ভূমধ্যসাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে জাহাজটির রওনা হওয়ার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
‘এইচএমএস ড্রাগন’ যুক্তরাজ্যের নৌবাহিনীর একটি অত্যাধুনিক টাইপ ৪৫ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সোমবার (১১ মে) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাজ্য এবং ফ্রান্স যে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে, তার অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজটি মোতায়েন করা হচ্ছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্টের পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতেই প্রস্তাবিত এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “আমরা নিশ্চিত করছি যে এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করা হচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপদ পরিবেশ তৈরিতে ভবিষ্যতে যদি কোনো বৃহত্তর বহুজাতিক অভিযান শুরু হয়, তার পূর্বপ্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চাই যে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও মুক্ত চলাচলের অধিকার রক্ষায় যুক্তরাজ্য সম্পূর্ণ প্রস্তুত।”
১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক সামুদ্রিক পথ। বিশ্ববাজারে মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক ছায়াযুদ্ধ এবং বাণিজ্যিক জাহাজের ওপর সম্ভাব্য হামলার হুমকির কারণে এই জলপথের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
(সূত্র: আনাদোলু এজেন্সি)

