ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টানা দুই ম্যাচে একাদশে না থাকায় ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় ব্যাপক জল্পনা-কল্পনা।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। তিনি নিশ্চিত করেছেন যে, পিঠের সমস্যায় (ব্যাক স্প্যাজম) ভুগছেন হার্দিক পান্ডিয়া। বর্তমানে দলের মেডিক্যাল ইউনিট তাঁর শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
কোচের ভাষ্য অনুযায়ী, চোট আরও গুরুতর হওয়ার ঝুঁকি এড়াতেই গত দুই ম্যাচে (লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে) ভারতীয় এই অলরাউন্ডারকে বিশ্রামে রাখা হয়েছিল। হার্দিকের অনুপস্থিতিতে আপাতত মুম্বাই দলের নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব।
এর মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দেয় হার্দিকের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি সাময়িক পদক্ষেপ। আইপিএলে বেঙ্গালুরুর কাছে হেরে মুম্বাইয়ের প্লে-অফের স্বপ্ন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরপরই ইনস্টাগ্রামে নিজ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করেছিলেন তিনি। কিছুক্ষণ পর অবশ্য আবার দলের অফিশিয়াল পেজটি ফলো করেন হার্দিক। এটি নেহাতই কোনো প্রযুক্তিগত ত্রুটি (গ্লিচ) নাকি দলের অভ্যন্তরীণ কোনো দূরত্বের ইঙ্গিত, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে।
একদিকে চোটের কারণে মাঠে অনুপস্থিতি, অন্যদিকে সামাজিক মাধ্যমে আচমকা এমন পদক্ষেপ-সব মিলিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মুম্বাই শিবিরে হার্দিককে ঘিরে আলোচনা যেন থামছেই না।

