১২ মে ২০২৬, মঙ্গলবার

সীমান্তে হত্যা বাড়লে লংমার্চের হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারীর

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কার্যকর উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব।”

তিনি আরও বলেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।

ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে।

স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা দেশে আসে কীভাবে—এ প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে।”

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় এক সাংবাদিক নিহত হয়েছেন এবং বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন।

কসবায় যাওয়ার পথে বাধার মুখে পড়ার অভিযোগও তোলেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে দেশের যেকোনো স্থানে যাওয়ার অধিকার তার রয়েছে।

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ নিউজ