১২ মে ২০২৬, মঙ্গলবার

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত ১৮ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পাশে থাকার দৃঢ় প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) ১৮টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানরা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানানো হয়।

বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে তারা আগামী দিনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ছিল, তা স্মরণ করে ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের সঙ্গে জনগণের (People-to-people) যোগাযোগের ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর জোরালো সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও এই বৈঠকে অংশ নেন।

অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ