১২ মে ২০২৬, মঙ্গলবার

আনিসুল-সালমানের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img
ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। মঙ্গলবার (১২ মে) আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত আগামী ২১ জুন শুনানির পরবর্তী দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এবং সে অনুযায়ী সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়। তবে তাদের আইনজীবীরা শুনানির জন্য সময় প্রার্থনা করেন। সালমান এফ রহমানের আইনজীবী সজিবুল ইসলাম আদালতকে জানান, মামলার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও নথি পর্যালোচনা করে এখনো অব্যাহতির আবেদন প্রস্তুত করা সম্ভব হয়নি। অন্যদিকে আনিসুল হকের আইনজীবী সুমন হোসেন জানান, সিনিয়র আইনজীবী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ শুনানি করা সম্ভব হচ্ছে না।

মামলার প্রেক্ষাপট: মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ অগাস্ট সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট ২নং মসজিদ সংলগ্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিউমার্কেট থানার হত্যা মামলায় জড়িত থাকা এই আসামিদের হাতে-নাতে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে আনিসুল হকের ব্যাগ থেকে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। অন্যদিকে সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ১৩ লাখ উজবেকিস্তানের সোম, ৭৯৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানের গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গত বছরের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এরপর ৩০ নভেম্বর ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যবসায়িক উদ্দেশ্যে আসামিরা এসব বৈদেশিক মুদ্রা নিজেদের হেফাজতে রেখেছিলেন এবং এর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। উল্লেখ্য, সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

সর্বশেষ নিউজ