হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ দাবি, মার্কিন সমরাস্ত্র পরিবহনে ইরানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন সমরাস্ত্র পরিবহনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। একইসঙ্গে এই জলপথটি এখন পুরোপুরি ইরানি সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছে দেশটি।

বুধবার (১৩ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসে।

প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, “এখন থেকে আমরা হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন অস্ত্র পরিবহন করে আঞ্চলিক ঘাঁটিগুলোতে নিতে দেব না।”

অন্যান্য দেশের জাহাজ চলাচলের বিষয়েও কড়া বার্তা দিয়েছে ইরান। জেনারেল আকরামিনিয়া স্পষ্ট করে জানান, “কোনো দেশ যদি এই জলপথ ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই তা ইরানি সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এবং ক্ষতিহীন পারাপার নিশ্চিত করার মাধ্যমেই করতে হবে।”

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র জলপথটির নিয়ন্ত্রণের একটি রূপরেখাও তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্যমতে, হরমুজ প্রণালির পশ্চিম অংশের নিয়ন্ত্রণ বর্তমানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার হাতে রয়েছে। অন্যদিকে, প্রণালির পূর্ব অংশের সার্বিক নিয়ন্ত্রণ রক্ষা করছে ইরানের মূল নৌবাহিনী।

বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ইরানের এই দাবি এবং মার্কিন অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞার ফলে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ নিউজ