তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে শি জিনপিংয়ের কড়া হুঁশিয়ারি: ‘সরাসরি দ্বন্দ্বের’ শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে শি সতর্ক করে বলেন, এই ইস্যু সঠিকভাবে পরিচালনা না করলে দুই পরাশক্তির মধ্যে সরাসরি দ্বন্দ্ব তৈরি হতে পারে।

তাইওয়ান, বাণিজ্য বিরোধ এবং ইরান-ইসরায়েল সংঘাতের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিভক্ত অবস্থায় এই বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, শি জিনপিং ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো তাইওয়ান।’ তিনি আরও বলেন, এই বিষয়টি সঠিকভাবে সামলাতে না পারলে পুরো সম্পর্কই ঝুঁকির মুখে পড়বে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

২০১৭ সালের পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এটিই প্রথম চীন সফর। এর আগে, গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পকে লাল গালিচায় জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান শি জিনপিং। উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করে তাকে ‘মহান নেতা’ আখ্যা দেন এবং দুই দেশের সম্পর্ককে ‘চমৎকার’ বলে উল্লেখ করেন।

জবাবে শি জিনপিং জানান, বিশ্ব এখন ‘নতুন এক সন্ধিক্ষণে’ পৌঁছেছে। তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত।’ বাণিজ্য প্রসঙ্গে শি উল্লেখ করেন, ‘বাণিজ্য যুদ্ধে কোনো বিজয়ী নেই।’ গত অক্টোবর দক্ষিণ কোরিয়ায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেং-এর মধ্যে হওয়া ভঙ্গুর বাণিজ্য সমঝোতা দীর্ঘায়িত করার বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠকে প্রকাশ্যে আলোচনা না হলেও ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়েও গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংঘাত নিরসনে ট্রাম্প চীনের সহায়তা চাইতে পারেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

দুই ঘণ্টা ১৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক শেষে দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক টেম্পল অব হ্যাভেন পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আলোচনাকে ‘দারুণ’ বলে মন্তব্য করলেও তাইওয়ান ইস্যুতে কোনো কথা বলেননি।

সর্বশেষ নিউজ