চীনের ১০ প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়ার এআই চিপ বিক্রির মার্কিন অনুমোদন, প্রযুক্তি যুদ্ধে নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে বৈশ্বিক প্রযুক্তি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে থাকা মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার জন্য এবার বড় ধরনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। চীনের প্রায় ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন এইচ-২০০ (H-200) এআই চিপ কেনার অনুমোদন দিয়েছে মার্কিন সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলিবাবা, টেনসেন্ট, বাইটড্যান্স এবং জেডি ডটকমের মতো চীনা প্রযুক্তি জায়ান্টরা রয়েছে। এছাড়া লেনোভো ও ফক্সকনের মতো সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও এই তালিকায় জায়গা পেয়েছে।

তবে অনুমোদন মিললেও এখনো পর্যন্ত কোনো চিপ চীনে সরবরাহ করা হয়নি। পুরো বিষয়টি বর্তমানে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশের মধ্যে আটকে আছে। একদিকে যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছে, অন্যদিকে চীন চাইছে বিদেশি নির্ভরতা কাটিয়ে উঠতে। এই দুই পরাশক্তির টানাপোড়েনের মাঝেই দাঁড়িয়ে আছে এনভিডিয়া।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কেবল একটি ব্যবসায়িক অনুমোদন নয়, বরং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সম্পর্কের নতুন এক ইঙ্গিত। এর আগে, সামরিক প্রযুক্তি ও নজরদারিতে ব্যবহারের আশঙ্কায় চীনের কাছে উন্নত এআই চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছিল ওয়াশিংটন। এর ফলে চীনের বাজারে এনভিডিয়ার ৯৫ শতাংশ আধিপত্য দ্রুত তলানিতে নেমে যায়।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং দীর্ঘকাল ধরেই সতর্ক করে আসছিলেন যে, চীনকে প্রযুক্তি বাজার থেকে বিচ্ছিন্ন করলে তারা দ্রুত নিজস্ব বিকল্প তৈরি করবে। ইতোমধ্যে হুয়াওয়ে ও ডিপসিকের মতো চীনা প্রতিষ্ঠানগুলো এআই চিপ ও মডেল তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

রয়টার্স জানিয়েছে, নতুন অনুমোদনের আওতায় প্রতিটি চীনা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৭৫ হাজার পর্যন্ত এইচ-২০০ চিপ কিনতে পারবে। সব প্রতিষ্ঠান একসঙ্গে অর্ডার দিলে এর মোট চাহিদা প্রায় ১৫ লাখে পৌঁছাতে পারে, যা এনভিডিয়ার আয়ে বড় প্রভাব ফেলবে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে রয়েছেন। সফরের শেষ মুহূর্তে ট্রাম্পের প্রতিনিধি দলে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং যোগ দেওয়ায় জল্পনা তৈরি হয়েছে যে, চিপ রপ্তানি ইস্যুতে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হচ্ছে কি না। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হুয়াং আশা প্রকাশ করেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নত করতে সহায়তা করবে।

বিশ্বের বর্তমান প্রযুক্তি যুদ্ধ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের লড়াই, যেখানে উচ্চক্ষমতার চিপ সবচেয়ে বড় হাতিয়ার। এনভিডিয়ার এইচ-২০০ চিপ বিশাল তথ্য বিশ্লেষণ এবং সামরিক সিমুলেশনে ব্যবহৃত হয়। তবে চীনের নিজস্ব নীতি এবং বেইজিংয়ের চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করছে চিপ সরবরাহ কবে শুরু হবে। আপাতত পুরো পরিস্থিতি অনিশ্চয়তায় ঘেরা।

সর্বশেষ নিউজ