পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার রাজ্যে পশু জবাই ও গবাদি পশু ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনেছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জনসমক্ষে গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়া ও ছাড়পত্র ছাড়া পশু জবাই করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ।

নির্দেশনায় বলা হয়েছে, গরু, মহিষ, ষাঁড় বা বাছুর জবাই করার আগে অবশ্যই সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে ‘ফিটনেস সার্টিফিকেট’ গ্রহণ করতে হবে। জবাইয়ের জন্য নির্ধারিত পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং সেটিকে প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। তবে গুরুতর অসুস্থ বা স্থায়ীভাবে বিকলাঙ্গ পশুর ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হতে পারে। এই নিয়ম লঙ্ঘন করলে অপরাধীকে ১ হাজার রুপি জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড প্রদানের বিধান রাখা হয়েছে।
এছাড়া, রাস্তাঘাট বা কোনো খোলা স্থানে পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই কেবল এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সরকারি কর্মকর্তারা যেকোনো সময় পশু জবাইয়ের স্থান পরিদর্শন করতে পারবেন এবং তদারকিতে বাধা দেওয়াকে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় আসার পর বিজেপির এমন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

