শোবিজ অঙ্গন ও ক্রীড়া পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। লিভারের মারাত্মক জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তরুণ অভিনেত্রী, নাট্যকার ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক কিংবদন্তি ডিফেন্ডার কায়সার হামিদের কন্যা এবং দেশের বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কায়সার হামিদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের একটি হাসিখুশি ছবি পোস্ট করে এই মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। আবেগঘন ওই পোস্টে তিনি মেয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, কারিনা প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরবর্তীতে তার শরীরে তীব্র সংক্রমণ ধরা পড়ে। একপর্যায়ে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর, উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি চলছিল। কিন্তু ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোশ্যাল মিডিয়ায় প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে তরুণদের মাঝে দারুণ জনপ্রিয় ছিলেন কারিনা। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তিনি ওটিটি ও নাটকের জগতেও নিজের অবস্থান তৈরি করেছিলেন। বিশেষ করে ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’ প্রজেক্টে তার অভিনয় ও চিত্রনাট্য প্রশংসিত হয়েছিল। তার এই অকাল বিদায়ে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে শোকের মাতম চলছে।

