নাসিরুদ্দিন পাটোয়ারী-এর সমালোচনাকে একেবারেই ব্যক্তিগতভাবে নেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বরং তিনি বলেছেন, “উনার এই ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত।”
সোমবার রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারী প্রায়ই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতেন, কিন্তু বৈঠক শেষে বাইরে গিয়েই কমিশনের বিরুদ্ধে সমালোচনা করতেন।
সিইসির কথায়, “অনেকের কাছে উনার বক্তব্য নতুন মনে হতে পারে, কিন্তু আমি সামান্যতম মনঃক্ষুণ্ণ নই। শুধু প্রশংসা করলে তো সঠিক মূল্যায়ন হয় না।”
তিনি আরও বলেন, গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের সুযোগ থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে একপক্ষীয় প্রশংসা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন প্রায় অসম্ভব। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

