চট্টগ্রামে পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচি। সোমবার দুপুরে টাইগারপাস মোড়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী রং-তুলি নিয়ে দেয়ালে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এর আগে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে নগরজুড়ে। গভীর রাত পর্যন্ত মুখোমুখি অবস্থানে ছিলেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিএনপি সমর্থিত সিটি মেয়র ডা. শাহাদাৎ হোসেন এবং এনসিপির মহানগর প্রচার সম্পাদক রিদোয়ান হৃদয় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।
তবে দুপুর ১টার দিকে স্কুল-কলেজের পোশাক পরা একদল তরুণ-তরুণী টাইগারপাস এলাকায় জড়ো হয়ে নিজেদের সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের ভাষ্য, কোনো রাজনৈতিক দলের আহ্বানে নয়, “বিবেকের তাড়না” থেকেই তারা গ্রাফিতি আঁকতে এসেছেন।
এ বিষয়ে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকায় ওই এলাকায় কোনো ধরনের জমায়েতের অনুমতি নেই। তিনি দাবি করেন, পুলিশ পরিচয় জানতে গেলে কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে রং ছুড়ে মারেন, এরপর কিছুটা কথা কাটাকাটি হয়। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

