রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে নিহত শিশুটির বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী তার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই লোমহর্ষক ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করে ন্যায়বিচার প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটিকে হত্যার পর তার মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছিল। ফ্ল্যাটের ভেতর থেকেই মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিশু রামিসার এই অকাল মৃত্যুতে পল্লবী এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।

