ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার কথা বলে গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, ইউসুফ হোসেন ফারুক (৫৭) মো. লিটন (৪০), ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জের সেন্টার গলি এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পূর্ব পরিচিত নাদিমের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। মামলায় উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা টাকার বিষয়ে কথা বলার জন্য লিটন, ফারুক ও ইয়াসিন ওই গৃহবধূকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে তার সহযোগী অন্য দুইজনও পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন পাহারায় ছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী বলেন, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা। পরে রাত ৯টার দিকে আমার স্ত্রীকে বাসার সামনে পৌঁছে দিয়ে যায়। বাসায় ফিরে পুরো ঘটনা আমাকে জানায় আমার স্ত্রী। আমি ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে। তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

