পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু: ৯ ‘সন্দেহভাজন’ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা জারির ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের জেলাগুলোতে সক্রিয় হয়ে উঠল ‘হোল্ডিং সেন্টার’। সরকারি নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ধরপাকড়। এর প্রথম ধাপে মুর্শিদাবাদ ও মালদা জেলার হোল্ডিং সেন্টারগুলোতে ৯ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

হোল্ডিং সেন্টার ও ধরপাকড় প্রক্রিয়া

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের মাত্র দুই সপ্তাহের মাথায় অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র দপ্তর প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার তৈরির জরুরি নির্দেশ দেয়। গত ২৩ মে রাইটার্স বিল্ডিংয়ের ফরেনার্স ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলাশাসকের কাছে পাঠানো হয়।

মালদায় ৯ জন আটকের বিস্তারিত

পুলিশ সূত্রে জানা গেছে, মালদা জেলার গাজোল মহাকুমার পান্ডুয়া এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক মহিলা এবং ৬ জন নাবালক-নাবালিকা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর বিভাগের মিঠাপুকুর এলাকায়। হিলি সীমান্ত দিয়ে তারা দীর্ঘদিন আগে অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছিল। গত রবিবার (২৪ মে) বিকেলে তাদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “আমাদের রাজ্য ও দেশকে সুরক্ষিত রাখাই এখন মূল লক্ষ্য। এতদিন তৃণমূল কংগ্রেস রাজ্যটিকে সন্ত্রাসবাদী ও রোহিঙ্গাদের করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছিল।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু সাধারণ ভারতীয় নাগরিকরা যেন এই প্রক্রিয়ায় কোনোভাবেই হয়রানি বা দমন-পীড়নের শিকার না হন।”

সর্বশেষ নিউজ