মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গরুবাহী ট্রলারডুবির ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ আইয়ুব আলী (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে মাওয়া পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে পদ্মা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, দুর্ঘটনার পর ১৪ জন পাইকার সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নিখোঁজ রয়েছেন। ট্রলারটি ডুবে যাওয়ার সময় নৌকায় মোট ২৮টি গরু ছিল, যার মধ্যে মাত্র পাঁচটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে নিখোঁজ ব্যবসায়ী ও ট্রলারটির সন্ধানে জোর তৎপরতা চলছে।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইরিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

