প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, পোশাক শ্রমিককে ছাদ থেকে ফেলে হত্যা: ঘাতক গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস
spot_img
spot_img

নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউএসটিসি) হাসপাতাল ভবনের পঞ্চম তলা থেকে ফেলে তরুণী রীতা আক্তারকে (২০) হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচিত হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর আত্মগোপনে থাকা অভিযুক্ত তরুণ আব্দুর রহমান শেখকে (২১) ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) ভোরে ফেনীর সোনাগাজী থানার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা দল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গত ২৩ মে ইউএসটিসি বিশ্ববিদ্যালয় হাসপাতাল ভবনের সামনে থেকে রীতা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বা আত্মহত্যা মনে হলেও মরদেহের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পুলিশ নিবিড় তদন্ত শুরু করে।

নিহত রীতা চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন এবং সিডিএ বাজার এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। একই কারখানায় কাজের সুবাদে পরিচয় হয়েছিল আব্দুর রহমানের সঙ্গে। কর্মস্থলে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি হারান রহমান। চাকরি হারালেও তিনি প্রতিনিয়ত রীতাকে প্রেমের প্রস্তাব দিয়ে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গত ২৩ মে রাতে কারখানা ছুটির পর কৌশলে রীতাকে ফয়েস লেক এলাকায় নিয়ে যান রহমান। পরে ‘জরুরি ও গুরুত্বপূর্ণ কথা আছে’ বলে তাকে পাশের ইউএসটিসি হাসপাতালের জরুরি বিভাগের ভবনের উত্তর পাশের রেলিংবিহীন সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যান।

সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রীতা তার প্রেমের প্রস্তাব চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন রহমান। একপর্যায়ে তিনি রীতাকে ভবনের পঞ্চম তলার রেলিংবিহীন অংশ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ঘটনাস্থলেই রীতার মৃত্যু হয়। ঘটনার পর চট্টগ্রাম থেকে পালিয়ে ফেনীতে আত্মগোপন করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার 

খুলশী থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ফেনীর সোনাগাজীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক আব্দুর রহমান প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রীতাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার দায় স্বীকার করেছেন।

ঘটনায় খুলশী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ নিউজ