সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

spot_img
spot_img

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ৯৬২ নম্বর খালি তেলবাহী ট্রেনটি সকালে সিলেট থেকে ছেড়ে এসেছিল। ট্রেনটিতে দায়িত্বরত আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের ভেতরে প্রবেশের পর হঠাৎ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে লোকোমাস্টারকে জানানো হলে তিনি ট্রেনটি থামান। এরপর দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইন থেকে বিচ্যুত হয়েছে। সৌভাগ্যবশত ট্রেনটি খালি থাকায় বড় ধরনের দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী ট্রেনের যাত্রী ও পণ্যবাহী ট্রেনগুলো। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সর্বশেষ নিউজ