এসএসএফের সঙ্গে বাগবিতণ্ডা: পদ হারালেন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (SSF) সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা এবং তাদের গালিগালাজের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়াসহ কয়েকজন নেতাকর্মী উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। একপর্যায়ে তাদের নিরাপত্তা টিমের গাড়ি লক্ষ্য করে তেড়ে যেতে এবং গালিগালাজ করতে দেখা যায়। এই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, সাংগঠনিক গতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ নিউজ