মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: পদ হারালেন যুগ্মসচিব আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী মা নুরজাহান বেগমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে কর্মরত যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আনিসুর রহমানকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং যুগ্মসচিবের বক্তব্য গ্রহণসহ সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গত ৩১ মে (রোববার) মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, মরদেহটি পচে পোকায় ধরে গেছে। স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, বাসাটি ছিল অত্যন্ত নোংরা ও অগোছালো।

জানা যায়, ওই বাসায় নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে থাকতেন। তার সন্তানদের মধ্যে একজন যুগ্মসচিব, একজন বুয়েট শিক্ষক এবং একজন স্থানীয় স্কুলের শিক্ষিকা। মায়ের এমন অসহায় মৃত্যু ও সন্তানদের অবহেলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সর্বশেষ নিউজ