মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা রোববার

অপরাধ প্রতিবেদন
spot_img
spot_img
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এর আগে, গত সোমবার (১ জুন) মামলার দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। গতকাল (বুধবার) আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন। ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন। পরে বিচারের জন্য মামলাটি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ জনকে সাক্ষী করা হ়েছে।

নৃশংস সেই ঘটনার বিবরণ: মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না তাকে কৌশলে নিজেদের রুমে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে খুঁজতে গিয়ে স্বপ্নার রুমের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা।

ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং আশপাশের ফ্ল্যাটের লোকজন মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন দেহ এবং একটি বালতির ভেতর তার কাটা মাথা পাওয়া যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় পরদিন ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ নিউজ