প্রসাদের নামে দুধের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ, ‘আইআইটি বাবা’ গ্রেপ্তার

আন্তর্জাতিক টেবিল
spot_img
spot_img

আধ্যাত্মিক গুরু সেজে তরুণীদের যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের মথুরায় অভিষেক মিশ্র (২৯) নামে আইআইটি’র এক সাবেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেকে ‘আদিকর্তা নারায়ণ দাস’ হিসেবে পরিচিত করা এই যুবক ওডিশার বাসিন্দা এবং ২০২১ সালে আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রতারণার অভিনব কৌশল

অভিযুক্ত অভিষেক মিশ্র প্রায় চার বছর ধরে মথুরার রাধাকুঞ্জ এলাকায় বসবাস করছিলেন। নিজেকে কথাবাচক বা ধর্মীয় কাহিনি-বর্ণনাকারী হিসেবে তুলে ধরতে তিনি ‘রাধা কৃপা অমৃতা’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। পুলিশি তদন্তে জানা যায়, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীদের টার্গেট করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ভিডিও কলের মাধ্যমে তরুণীদের সাথে যোগাযোগ স্থাপনের পর তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হতে প্রলুব্ধ করতেন তিনি। তার মথুরার বাসভবনে এমন প্রায় ২৪ জন তরুণ-তরুণী একসঙ্গে থাকতেন।

মাদক মিশিয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইল

গ্রেপ্তারকৃত অভিষেকের বিরুদ্ধে মূল অভিযোগ হলো, ‘প্রসাদ’ দেওয়ার নাম করে ভুক্তভোগী নারীদের মাদকমিশ্রিত দুধ পান করাতেন তিনি। অচেতন অবস্থায় তাদের ওপর যৌন নির্যাতন চালানো হতো এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে পরবর্তীতে ভুক্তভোগী ও তাদের পরিবারকে ব্ল্যাকমেইল করতেন। তার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করে পুলিশ সেখানে প্রচুর অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করেছে।

ছত্তিশগড়ের এক তরুণীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। স্থানীয়দের মতে, শুরুতে তার মা তার সাথে থাকলেও পরে তার অস্বাভাবিক আচরণের কারণে তিনি বাসা থেকে চলে যান। অভিযুক্ত ব্যক্তি নিজের ছদ্মবেশের আড়ালে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিলেন বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

সূত্র : এনডিটিভি

সর্বশেষ নিউজ