প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন তার চুরি: গ্রেপ্তার ২, তার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত স্পর্শকাতর রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া তামার তারও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) এবং ভাঙারি দোকানদার রেজাকুল ইসলাম (৩২)।

সিটিটিসি জানায়, গত বৃহস্পতিবার (৪ জুন) জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রঞ্জন চন্দ্র তার অপরাধ স্বীকার করেন। তিনি জানান, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি কৌশলে তামার তার চুরি করেন। পরবর্তীতে গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে ৮ কেজি ২০০ গ্রাম তামার তার কেজিপ্রতি ৬০০ টাকায় বিক্রি করেন। এই তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল চকবাজারের হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে ওই তারগুলো উদ্ধার করে।

স্পর্শকাতর এই ঘটনাটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলে বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে। সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ঘটনার গুরুত্ব বিবেচনা করে ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সচিবালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার সংযোগের তার চুরির সাথে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সিটিটিসির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ নিউজ