আর মাত্র ৮ দিন পর শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। আমেরিকা, মেক্সিকো আর কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন ফারজিন গনি। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ থেকে একমাত্র ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
ইতিমধ্যে নিজের দায়িত্ব পালনের জন্য গত ২ জুন টরন্টোর উদ্দেশে রওনা দিয়েছেন ফারজিন। এবারের বিশ্বকাপে সারা বিশ্ব থেকে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ করেছে ফিফা। তাদের মধ্যে বাংলাদেশ থেকে ফারজিন গনিই পেয়েছেন এই বিরল সুযোগ।
বিশ্বকাপের মাঠে ভলান্টিয়াররা স্টেডিয়ামের নানা ধরনের দায়িত্ব পালন করবেন। ফারজিনকে যেসব কাজে দেখা যেতে পারে:
-
স্টেডিয়ামের ব্যবস্থাপনা বা অপারেশন।
-
দর্শক সেবায় সাহায্য করা।
-
টিকিট সামলানো।
-
মিডিয়া বা সাংবাদিকদের কাজে সহায়তা করা।
এই দীর্ঘ সফরে থাকা-খাওয়া ও প্রশিক্ষণের সব সুবিধা দিচ্ছে ফিফা। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই আসরে বিশ্বের সেরা ফুটবলারদের খুব কাছ থেকে দেখার এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন ফারজিন।
বিশ্বকাপের স্বেচ্ছাসেবকদের নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, “স্বেচ্ছাসেবীরাই হলো যেকোনো ফিফা টুর্নামেন্টের প্রাণ। তারা পর্দার আড়ালে থেকে টুর্নামেন্টকে সফল করতে বিশাল ভূমিকা রাখেন।”

