রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি আভিযানিক দল বড় বনগ্রাম এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— সিলেটের মংলা বাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে সেলিম মিয়া (৪৮) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাজিহাটা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪১)। অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছে। উদ্ধার হওয়া গাঁজাও তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে সংরক্ষণ করেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

