বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেছেন, জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া হলে ঘোষিত বাজেট তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যাত হবে। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে ঘোষিত অধিকাংশ বাজেটই ছিল গরিব মানুষের স্বার্থবিরোধী।
বুধবার রাতে রাজধানীর ওয়ারী পশ্চিম থানা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সবুর ফকির।
তিনি বলেন, বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, সেসব পণ্য ইতোমধ্যে সরকারদলীয় ব্যবসায়ীরা মজুত করতে শুরু করেছে। ফলে বাজেট পাস হওয়ার আগেই এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করেছে।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আমানত আর কোনো ব্যাংক লুটেরার হাতে তুলে দেওয়া হবে না। তিনি অভিযোগ করেন, অতীতে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এখন নতুন রাজনৈতিক আশ্রয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আব্দুস সবুর ফকির বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত পরিস্থিতির দিকে মনোযোগ না দিয়ে ব্যাংক দখলকারীদের সহযোগিতা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান বলেন, মদিনার ইসলামের কথা বলে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। ওয়ারী পশ্চিম থানা আমির ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

