প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারবাসী

কক্সবাজার প্রতিনিধি
spot_img
spot_img

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরা সফর সফল করতে নিরলসভাবে কাজ করছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে পেকুয়া পর্যন্ত প্রায় ৮৫ কিলোমিটার সড়কপথজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

গতকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিস্থল পরিদর্শন করেন এবং প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বেড়েছে।

আজ (১৩ জুন) এক দিনের সফরে তারেক রহমান কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলী-মাঝারখালী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়া ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জুলাই-২৪ আন্দোলনে শহীদ পেকুয়ার সন্তান মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে।

সফরের শেষ ভাগে চকরিয়ায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে স্থানীয় উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে পেকুয়া ও চকরিয়ার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভ পরিদর্শন ও স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের পর রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ নিউজ