নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুজন মিয়া (৩১) ও তার স্ত্রী মাজেদা (২৯)। পরে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দম্পতি ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই শিশুটিকে কোলে নেওয়া ও আদর করতেন। সেই পরিচয়ের সুযোগ কাজে লাগিয়ে গত ১২ জুন সকাল ১১টার দিকে শিশুটিকে আদর করার কথা বলে নিজেদের কাছে নিয়ে যান। পরে শিশুটিকে অপহরণ করে গোপন স্থানে আটকে রাখেন বলে অভিযোগ রয়েছে।
অপহরণের পর অভিযুক্তরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
ঘটনার পর শিশুটির স্বজনরা র্যাব-১১-এর সহায়তা কামনা করলে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে র্যাব। একপর্যায়ে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দম্পতিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সুজন মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর কালিকাপুর এলাকায় এবং তার স্ত্রী মাজেদার বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায়। তারা ফতুল্লার লামাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

