ঢাকার পথে সিলেটের বিদায়ী ডিসি সারোয়ার, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহা

সিলেট কার্যালয়
spot_img
spot_img

প্রত্যাহারাদেশ জারির একদিন পর সোমবার (২২ জুন) রাতে সিলেট ছেড়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম। তার বিদায়ের পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত সিলেটে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, “সোমবার রাতেই ডিসি মহোদয় সিলেট ত্যাগ করেছেন। তিনি চলে যাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।”

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ সিলগালা নিয়ে বিতর্কের মধ্যে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

মাজারে মিললো ১৭ লাখ ৬৫ হাজার টাকা ও সোনা এদিকে প্রত্যাহারের আদেশের পরদিন সোমবার প্রায় ৭০০ বছরের প্রচলিত রেওয়াজ ভেঙে প্রথমবারের মতো হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনার উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

প্রকাশ্যে পরিচালিত এ গণনায় মাজারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স থেকে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা নগদ অর্থ এবং ৭ আনা সোনা পাওয়া যায়।

অর্থ জমার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, “তিনটি ডেগ ও একটি দানবাক্স থেকে পাওয়া অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা একটি হিসাবে জমা রাখা হবে। সম্প্রতি এ হিসাবটি খোলা হয়েছে। পরবর্তীতে এই অর্থ ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসন হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি ডেগ সিলগালা করে এবং মাজার প্রাঙ্গণে নিজস্ব দানবাক্স স্থাপন করে। প্রশাসনের দাবি ছিল, মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তারা মাজারের অভ্যন্তরীণ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের সমালোচনা করেন। এর মধ্যেই জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে, যা নিয়ে বর্তমানে সিলেটে ব্যাপক আলোচনা ও গুঞ্জন চলছে।

সর্বশেষ নিউজ