কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময়ের কাছে শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
কবির হোসেনের মৃত্যুতে টাঙ্গাইলের স্থানীয় কৃষি মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তার সহজ-সরল জীবনযাপন ও সরকারি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়ে সাধারণ কৃষকদের কাছে এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

