প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর উদ্যোগে গ্রীষ্মকালীন দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই উৎসবে শতাধিক ফটোসাংবাদিক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। উৎসবটির পৃষ্ঠপোষকতায় ছিল হোটেল ইম্পিরিয়াল ইন্টারন্যাশনাল।
উৎসবটির উদ্বোধন করেন বিপিজেএ সভাপতি একেএম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক এসজেড রাজিব, কোষাধ্যক্ষ নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন এবং নির্বাহী সদস্য শফিক আহমেদ।
অনুষ্ঠানে বিপিজেএ সভাপতি জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তবে সংসদ অধিবেশনে ব্যস্ততার কারণে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সাধারণ সম্পাদক বাবুল তালুকদার উৎসবটির পৃষ্ঠপোষক ও হোটেল ইম্পিরিয়াল ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হোটেল ইম্পিরিয়াল ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ও বিপিজেএ’র সহ-সভাপতি মশিউর রহমান সুমন বলেন, “আমি বিপিজেএ’র একজন সদস্য হতে পেরে গর্বিত। এবারের আয়োজন ছোট পরিসরে হলেও আগামীতে যেন পরিবারসহ সকল সদস্য অংশ নিতে পারেন, সেভাবে আরও বড় আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।”
সভাপতি একেএম মহসীনও একই আশাবাদ ব্যক্ত করে বলেন, সময়স্বল্পতার কারণে এবারের আয়োজন সংক্ষিপ্ত হলেও ভবিষ্যতে সংগঠনটি তাদের সদস্য ও পরিবারের অংশগ্রহণে আরও বৃহৎ পরিসরে এমন আনন্দঘন উৎসবের আয়োজন করবে।
দেশি ফলের স্বাদের পাশাপাশি উৎসবটি ফটোসাংবাদিকদের আড্ডায় এক মিলনমেলায় পরিণত হয়। ফল উৎসবের সঙ্গে সদস্যদের অংশগ্রহণে একটি সংগীতানুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা পুরো অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে।

