কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু: এক নজরে পরিসংখ্যান

কুমিল্লা কার্যালয়
spot_img
spot_img

সারা দেশের মতো উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অংশ নিলেও, এ বছর বোর্ডের অধীনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় কুমিল্লাসহ মোট ছয়টি জেলায় একযোগে এই পরীক্ষা শুরু হয়। বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ৯৫ হাজার ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৭০৫ জন এবং ছাত্রী ৫৭,৩৬৩ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় এবার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬৫৮ জন বেশি।

তবে বোর্ডের পরিসংখ্যানে একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ১ লাখ ২২ হাজার ৪১১ জন শিক্ষার্থী নিবন্ধন ও ফরম পূরণ করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছে ৯৫ হাজার ৬৮ জন। ফলে পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন কারণে ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষাবিদদের মতে, অর্থনৈতিক সংকট, পারিবারিক সমস্যা, বাল্যবিয়ে, দ্রুত কর্মসংস্থানে যুক্ত হওয়া এবং পরীক্ষার উপযুক্ত প্রস্তুতির অভাবই এই বিপুল ঝরে পড়ার মূল কারণ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, “এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য আইপিএসের ব্যবস্থা এবং ডিজিটাল মনিটরিং বাধ্যতামূলক করা হয়েছে।” জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকেও পরীক্ষাকেন্দ্রের আশেপাশে নিরাপত্তা জোরদার এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ নিউজ