নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
১৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বরাদ্দের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন পেয়েছে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন ২ কোটি ২৮ লাখ, চট্টগ্রাম ২ কোটি, বগুড়া ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে।
অন্যান্য সিটি করপোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট ৩২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
আদেশে বলা হয়েছে, বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
