গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে ভবনটি ধসে পড়ে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদেরও জীবিত উদ্ধার করেছেন।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ভবনটির ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন এখনো আটকা থাকতে পারেন। উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় ভবনটি আগে ইসরাইলি হামলার শিকার হয়েছিল। এতে ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।
গাজা সিটি মেয়র ইয়াহিয়া আল-সাররাজ জানিয়েছেন, ভবন ধসের ঘটনা এটিই প্রথম নয়। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ চালাতে সিভিল ডিফেন্স ও পৌর কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে।
