এসবির নতুন প্রধান কামরুল আহসান
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সারদার প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি ও সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
কামরুল আহসান এর আগে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক এবং দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯১ সালে ১২তম বিসিএসের মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
