ছাত্রদলের সমাবেশে নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে স্থায়ী উদ্যোগ
শাহবাগের ফুটপাতে অসহায় জীবনযাপন করা সেই গোলাপি বেগম অবশেষে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ও ‘আমরা বিএনপি পরিবার’-এর অর্থায়নে তাকে নতুন পাকা বাড়ি উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের হাতে এই নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়।
২০২৫ সালে চব্বিশের জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এক সমাবেশে শাহবাগ ফুটপাতে গোলাপি বেগমের কষ্টের জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় চিকিৎসা ও ঢাকায় সাময়িক বাসস্থানের ব্যবস্থা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্য এই নতুন বাড়ি নির্মাণ করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত গোলাপি বেগমের কাছে চাবি ও আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, অ্যাডভোকেট আবদুল মান্নান এবং বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
